‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করতে হলে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দের ব্যাপক ভূমিকা রয়েছে। পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের ভেজাল মুক্ত খাদ্য বাজারজাত করার জন্য ব্যবস্থা করতে হবে এবং তবেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে নিরাপদ খাদ্য বিষয়ক উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ। ওইসময় তিনি বলেন, হোটেল রেস্তোরায় খাদ্য পরিবেশন, খাদ্য উৎপাদন এবং ভেজাল খাদ্য সম্পর্কে সচেতনতা ও শিক্ষার্থীসহ সকলকে নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মশালায় অবহিত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. মোখলেসুর রহমান আকন্দ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আহসান হাবীব হিমেল, সাংবাদিক জিএইচ হান্নান, আদিল মাহমুদ উজ্জল, আব্দুর রফিক মজিদ, জাহিদুল খান সৌরভ, নাঈম ইসলাম প্রমুখ।
ওইসময় শেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শেরপুর নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী মো. হীরা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, আছাদুজ্জামান মোরাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























