শেরপুরে কওমি মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২১ জুন বুধবার সকালে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে কওমি মাদ্রাসার ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মিলনায়তনে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক মো. ফখরুল মজিদ খোকন, মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, প্রকল্পটির উদ্যোক্তা ও প্রশিক্ষক ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনবল তৈরির উদ্যোগের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে কওমি মাদ্রাসার ছাত্রদের কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে এ ধরনের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম। এর মাধ্যমে মাদ্রাসা ছাত্ররা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করে স্বাবলম্বী হতে পারবেন। ওই প্রকল্পের আওতায় ৩টি ব্যাচে মোট ৬০ জন মাদ্রাসার ছাত্র বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন।

উল্লেখ্য, মিনহাজ উদ্দিন কওমি মাদ্রাসায় পড়াশোনা করে বর্তমানে ফ্রিল্যান্সিং পেশায় সফলতার সাথে যুক্ত আছেন। অন্যান্য মাদ্রাসার ছাত্ররা যেন এই প্রশিক্ষণ নিতে পারে সেজন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তার এ উদ্যোগের কথা জানালে তিনি প্রকল্পটি অনুমোদন করেন।
























