শেরপুরে জেলা কারাগারে থাকা কারাবন্দীদের মাঝে চিত্তবিনোদনের জন্য টিভি ও খেলাধূলার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে ওইসব সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এছাড়া একইদিন কারাগারে আটক থাকা মায়েদের শিশুদের জন্য চিলড্রেন প্লেয়িং কর্ণার উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান, শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস, নবাগত জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলার শিরিন আক্তার, সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার (অ: দা:) মো: বেলাল হোসেন প্রমুখ।
ওইসময় কারাবন্দীদের চিত্ত বিনোদনের জন্য দুটি টিভি, ক্রীড়া সামগ্রী ক্যারাম বোর্ড, এবং কারাগারে বন্দী মায়েদের সাথে থাকা শিশুদের জন্য বেশ কিছু খেলনা সামগ্রী প্রদান করা হয়।

এ ব্যাপারে নবাগত জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর বুধবার দুপুরে বলেন, বিভাগীয় কমিশনার ও ডিআইজি (প্রিজন) মহোদয় জেলা কারাগার পরিদর্শনে সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। সেইসাথে তারা নিরাপত্তা ও সেবাসহ নানাবিধ বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন।
























