শেরপুরের নকলা থানা পুলিশের চেষ্টায় শাকিল মিয়া (১৯) নামে এক মাদকাসক্ত যুবক মাদক ছেড়ে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এজন্য পুলিশ ওই যুবককে তাঁর মা-বাবাসহ থানায ডেকে পাঠিয়ে বেশ কিছু উপহার দিয়েছে। নিশ্চয়তা দিয়েছে পূনর্বাসনের। সে নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গড়েরগাঁও মহল্লার বাসিন্দা। তাঁর পিতার নাম জিয়ারুল মিয়া।

১ জুন বৃহস্পতিবার বিকেলে শাকিলকে তাঁর মাবাবাসহ থানায় ডেকে পাঠিয়ে তাঁর হাতে উপহার তুলে দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ। ওই সময় নকলা থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, ১০ নম্বর বিট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর জরিপ হোসেন উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায় কুসঙ্গে পড়ে শাকিল কিশোর বয়স থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। এতে তাঁর শারিরীক ও মানসিক সমস্যা দেখা দেয়। তাঁকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফেরাতে একসময় তাঁর দিনমজুর বাবা সর্বশান্ত হয়ে পড়েন। পরে ১০ নম্বর বীট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ শাকিলকে মাদক থেকে ফেরাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেখান থেকেই শাকিলের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফেরা।
শাকিলের বাবা জিয়ারুল জানান আমি একজন দিনমজুর। ছেলেকে সুস্থ্য জীবনে ফেরাতে গিয়ে আমি এখন নি:স্ব। পুলিশের এ ঋণ কোনদিন শোধ হবার নয়।

বিট কর্মকর্তা নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ বলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় শাকিলকে মাদক থেকে ফেরাতে সবধরণের সহযোগিতা করা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, যা কিছু করা হয়েছে সব শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামানের (বিপিএম) দিক নির্দেশনায়। মাদকসেবীরাও সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা পেলে তাঁরাও মাদক ছেড়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। পরিবারের মুখ উজ্জল করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।




