আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার শেরপুর জেলায় ১ লাখ ৬৪ হাজার ৬৫ জন অসচ্ছল-হতদরিদ্র মানুষ পাচ্ছে ভিজিএফ এর চাল। ইতোমধ্যে ওইসব চাল বিতরনের লক্ষে তাদের তালিকা প্রণয়ন এবং কার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হু্ইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মোস্তারি, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, জেলা তাতীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক সেলিম, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একইদিন থেকে জেলার ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নের ওয়ার্র্ড পর্যায়ে ওই চাল বিতরণ শুরু হয়েছে ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার শরিফ মো. আল আমিন জানান, এবার ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলায় ৭০ হাজার ৯৪৫টি, নালিতাবাড়ীতে ৩২ হাজার ৮২৯টি, নকলায় ১৩ হাজার ৯১৩টি, শ্রীবরদীতে ২১ হাজার ৪৫৫টি, ঝিনাইগাতীতে ১২ হাজার ৬০০ এবং শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি, নকলা পৌরসভায় ৩ হাজার ৮১টি, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ৮১টি ও শ্রীবরদী পৌরসভায় ১ হাজার ৫৪০টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দকৃত প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ওইসব চাল বিতরণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সরকারে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল পাওয়ায় বেজায় খুশি অসচ্ছল-হতদরিদ্র লোকজন।
























