আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, সারাদেশ যখন ঘুমায়, বিশ্ব যখন ঘুমায়, তখনও আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হযরত ওমরের পথ অনুসরণ করে রাত জেগে থাকেন, যেন বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকে। তিনি বলেন, হযরত ওমরের সাথে তুলনা দেই না, তবে শেখ হাসিনা ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন এগিয়ে যায়। তিনি ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার মেধাবী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণকালে ওইসব কথা বলেন।

ওইসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসূলের পথ অনুসরণ করেন বলেই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্বেও তার ছেলে পলাতক আসামি তারেক জিয়ার সাথে স্কাইপে কথা বলতে পারেন। ইচ্ছে করলে শেখ হাসিনা প্রযুক্তির মাধ্যমে তা বন্ধ রাখতে পারেন।
মতিয়া চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ধর্ম ভেদাভেদ করে শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা দেই না। যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভাল করেছে তাদেরই প্রণোদনা দেই। সে শিক্ষার্থী হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধও হতে পারে। আমাদের কাছে বিবেচনা হল মেধাক্রম। আর এই মেধাক্রমের মধ্যে যে শিক্ষার্থীই থাকবে সেই পাবে এসব প্রণোদনা। তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন শেখ হাসিনাকে তাঁর কর্মের মাধ্যমে চিরজীবী করেন, অমরত্ব দান করেন।

ওইসময় মতিয়া চৌধুরীর সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কশিনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিন তিনি নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপ টুয়েন্টি ও টপ টেন এএসসি পরীক্ষার্থীর মাঝে এক হাজার করে টাকা, ৮ম শ্রেণির টপ টেন শিক্ষার্থীর মাঝে থ্রিপিস, ৯ম শ্রেণির টপ চতুর্থ শিক্ষার্থীর মাঝে শাড়ি ছাড়াও প্রতি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ২৫০টি করে শাড়ি, ১৫০টি করে ট্রাউজার ও ১৫০টি করে শার্ট বিতরণ করেন।
























