শেরপুরে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু ইউসূফ, জেলা প্রশাসন ও বনবিভাগের অন্যান্য কর্মকর্তাগণসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন শেরপুর জেলায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে ১১ লক্ষ ৫৬ হাজার চেক ও সামাজিক বনায়নের আওতায় রাস্তা বনায়নের ৩৩ জন উপকারভোগীর মাঝে ১৪ লক্ষ ৩৯ হাজার টাকার লভ্যাংশ বিতরণ করা হয়।
























