ads

শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ৮ মাস যাবত বন্ধ রাখার অভিযোগ, ঢলে ক্ষতির শঙ্কা স্থানীয়দের

খবর টি পড়েছেন : ৪৯৯
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লায় ভোগাই নদীতে শহর রক্ষা বাঁধের ১১০ মিটারজুড়ে ভাঙনের সংস্কারের কাজের পাইলিং করতে বলি (গাছের গুঁড়ি) পোঁতাসহ ৪ হাজার ৩৫০টি জিও ব্যাগ প্রস্তুত করা হয় ১০ মাস আগে। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ করাও হয়। কিন্ত এরপর থেকেই ঠিকাদার লাপাত্তা। সময় পেরিয়ে গেলেও ভাঙন অংশ সংস্কার না হওয়ায় ফের পাহাড়ি ঢলের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। তাঁরা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, জিও ব্যাগে ভরা বালুর মূল্য নিয়ে স্থানীয়দের সাথে ঝামেলায় কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভোগাই নদীতে ঢল নামে। এতে পানির স্রোতে শহরের উত্তর গড়কান্দা এলাকায় নদীর ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। এই ভাঙন অংশ দিয়ে ঢলের পানি প্রবেশ করে চারটি মহল্লার প্রায় ৭০০ পরিবারের বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বাঁধের সামনে বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। এতে ভুক্তভোগী অনেক পরিবার স্কুলের বারান্দায় এবং নিজ বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন। পরে ২০২২ সালে বাঁধটি সংস্কারে পাউবোর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। ১১০ মিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় ৩৮ লাখ টাকা। এ কাজের দায়িত্ব পায় রিফাত এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাঁধ সংস্কারে গত বছর ৪ মে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সময় মত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করায় গত বছর ১৭ জুন ফের পাহাড়ি ঢলে এই ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করে। এতে উত্তর গড়কান্দা, গড়কান্দা, গুনাপাড়া ও শিমুলতলা মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এসময় উত্তর গড়কান্দা এলাকায় ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে যাওয়ায় পথচারীরা দূভোগে পড়ে। এছাড়া ৭০০ পরিবারের বাড়িঘরে এবং থাকার ঘরে হাঁটুসমান পানি থাকায় পরিবারের লোকজন দুর্ভোগে পড়েন। নদীতে পানি কমে যাওয়ায় এক দিন পর বাড়িঘর থেকে ঢলের পানি নেমে যায়। কিন্তু বাঁধটি সংস্কার না হওয়ায় ফের পাহাড়ি ঢলের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েন এলাকাবাসী । পরে গতবছর ২৩ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নদীতে পাইলিং করতে বলি (গাছের গুঁড়ি) পোঁতা হয়। এছাড়া ৪ হাজার ৩৫০টি জিও ব্যাগে বালু ভরে প্রস্তুত করা হয়। এ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় বাঁধে জিও ব্যাগ ফেলার কাজে বিলম্ব হয়। গত বছর জুন ও জুলাই মাসে বাঁধ সংস্কারের ৭০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়। কিন্ত এর পর থেকে সংস্কার কাজ ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যান।

Shamol Bangla Ads

গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বাঁধের ভাঙন অংশে নদীতে ১৬০টি গাছের গুঁড়ি পুঁতে পাইলিং করা হয়েছে। ৪ হাজার ৩৫০টি জিও ব্যাগ ফেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্ত ১০ মাস ধরে বাঁধের ভাঙণ অংশে জিও ব্যাগ ফেলে রাখায় ব্যাগ গুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নদীতে পাইলং করেছেন এবং জিও ব্যাগ প্রস্তুত করেছেন। কিন্ত এর পর থেকে ঠিকাদার আর কোন খোঁজ খবর নেই। বাঁধ সংস্কার না হওয়ায় আমরা দুশ্চিন্তায় আছি। গৃহিনী রমিজা বেগম বলেন,একটা বছর ধইরা কাম বন্ধ কইরা ফালাইয়া থইছে। অহন মেঘ বৃষ্টির সময় যে কোন মুহুতে গাঙ্গ (নদী) ঢল আইয়া পড়বো। তহন বাড়ি ঘরও পানি উঠবো। আমগরের হিবার কষ্টের মধ্যে পড়ুরন লাগবো।

রিফাত এন্টার প্রাইজের প্রোপ্রাইটর মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ইতিমধ্যে বাঁধ সংস্কারের ৮০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের সাথে জিও ব্যাগে ভরা বালুর মূল্য নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে। এই কারণে কাজটি শেষ করতে বিলম্ব হয়েছে। আশা করছি সামনের সপ্তাহে বাকি কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন,দ্রুত বাঁধটি সংস্কারের আমি পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেছি। সামনে বর্ষা বৃষ্টির সময়। তাই দ্রুত কাজ শেষ করা না হলে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বেন। বাঁধটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে শেরপুর পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান মিয়া বলেন, গত বছর জুন মাসে বাঁধ সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজটি আটকে রয়েছে। গত ছয় মাসে ঠিকাদারকে ৭/৮টি চিঠি দেওয়া হয়েছে। কাজ বাতিল করা,জরিমানা করা ও লাইন্সেস কালো তালিকায় চিহিৃত করে এই প্রতিষ্ঠানকে শেষ চিঠি দেওয়া হয়েছে। তবুও তার কোন সাড়া পাওয়া যাচ্ছে না। দুই একের মধ্যে কাজ শেষ করবে বলে ঠিকাদার শুধু প্রতিশ্রুতি দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ ড্রেজার মেশিন… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩৮ বোতল মদসহ গ্রেফতার ২

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads