শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নানা আয়োজনে শিশু ও বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে পৌরশহরের সেঁজুতি বিদ্যা নিকেতনের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার র্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

‘ফাগুনের প্রথম দিন উৎসবে হোক রঙিন’ – এই স্লোগানকে সামনে রেখে সকালে ফুল দিয়ে শিশুদের বরণ করে নেওয়া হয়। পরে শিশু ও বসন্তবরণ উৎসব উপলক্ষে সেঁজুতি বিদ্যা নিকেতন প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, অরণি প্রগ্রেসিফ স্কুলের প্রধান শিক্ষক নাজনীন হক, নারীনেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ। পরে বাঙালি ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশীয় প্রায় ৩০ রকমের পিঠা পরিবেশন করে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ প্রায় তিনশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।




