শেরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়ানোসহ অ্যাথলেটিকসের মশাল প্রজ্জ্বলন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন দৌড়, হাই জাম্প, লংজাম্পসহ বিভিন্ন ধরনের ২২টি প্রতিযোগিতায় অংশ নেন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ওইসময় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

























