পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা ( সুফল) প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উপকারভোগী সদস্যদের সাথে জীবিকা উন্নয়ন তহবিল কার্যক্রম নিয়ে শেরপুরের শ্রীবরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের বাস্তবায়নে ইকো সোশ্যাল ডেভলপম্যান্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায় উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপকারভোগীরা উডলট বাগানের সুবিধা পায় এক যুগ পর। সুফল প্রজেক্টের সুবিধা পাবে প্রতি বছর। এছাড়াও এ প্রকল্পের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারা এখন এর সুবিধা পাচ্ছেন। এই সুফল প্রজেক্টের মাধ্যমে বনাঞ্চলের হতদরিদ্র লোকেরা স্বাবলম্বী হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফল প্রকল্পের সিনিয়র লাইভলিহুড স্পেশালিষ্ট ড, মো, জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ,কে,এম রহুল আমিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক আবু ইউসূফ, সহকারি বন সংরক্ষক শরিফুল ইসলাম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ও রাংটিয়া ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম প্রমুখ।
ওইসময় সুফল প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভায় উন্মুক্ত আলোচনায় সুফল প্রকল্পের উপকারভোগীরা জানান, আগে তারা অভাব অনটনে মানবেতর জীবন কাটিযেছেন। সুফল প্রজেক্টে কাজ করে তাদের সংসারে এসেছে স্বচ্ছলতা। তাদের অনেকে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন। অবসান হয়েছে চরম দুর্ভোগের।




