শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সজিব মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ওই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। সজিব মিয়া চন্দ্রকোনা ইউনিয়নের দধিয়ারচর গ্রামের বাসিন্দা।
সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাবুল আরিফ জানান, বেশ কিছুদিন ধরে সজিব মৃগী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।

খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাঁকে ওই অর্থদণ্ড করা হয়। সেইসাথে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।
























