‘মাদককে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শেরপুরের শ্রীবরদীতে হয়ে গেলো ঘোড় দৌড় প্রতিযোগিতা। রবিবার বিকালে উপজেলার বানিয়াপাড়া গ্রামের ঘোড়া পালনকারী আবুল হাসেমের আয়োজনে ধান ক্ষেতের ফাকা মাঠে এই ঘোড় দৌড় প্রতিযোতিা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক ঘোড়া। প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো দর্শকের।

আয়োজকরা জানান, এক সময় শীত মৌসুম এলেই শেরপুররের শ্রীবরদীর বিভিন্ন গ্রামে চলতো ঘোড় দৌড় ও সার গরুর মই দৌড় প্রতিযোগিতা। এটি ছিল খুবই জনপ্রিয়। আধুনিকতার ছোয়ায় এই সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। তাই হারানো ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন স্থানেই অনুষ্ঠিত হচ্ছে ঘোড় দৌড় প্রতিযোগিতা।
ঘোড় দৌড় প্রতিযোগিতার পরিচালক মোরাদুজ্জামান তারেক বলেন, এক সময আমার দাদা, বাবা ঘোড়ার দৌড়ে অংশ নিতো। আমিও ছোট থেকেই ঘোড়ার দৌড়ে অংশ নিয়ে আসছি। গ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা এই ঘোড়ার দৌড় পরিচালনা করে আসছি। গ্রামের সব বয়সের মানুষ আনন্দ উপভোগ করে।

তিনি আরো বলেন, এই প্রতিযোগিতা হয় কদমে ও দাপটে। চলে ৪টি রাউন্ড। প্রতি রাউন্ডে তিনজন করে বিজয়ী হয়। পরে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে টিভি, মোবাইল ফোন সেট ও ছাগলসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রানীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, আওয়ামী লীগ নেতা এমএ মোনায়েম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।




