বিচারে অনিশ্চয়তায় হতাশ পরিবার
শেরপুরে প্রবাসী সেনাসদস্যের স্ত্রী ২ সন্তানের জননী সুরভী বেগমকে (৩০) হত্যার চাঞ্চল্যকর মামলার ২ বছর অতিবাহিত হলেও আজও উদঘাটিত হয়নি হত্যার রহস্য। ফলে ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর এ নিয়ে হতাশ হয়ে পড়েছে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। নিহত সুরভী পৌর শহরের মোল্লাপাড়া এলাকার মো. নাজিমউদ্দিনের স্ত্রী ও সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়া গ্রামের মো. শফিউল্লাহর মেয়ে ছিলেন। সুরভীর স্বামী নাজিমউদ্দিন বর্তমানে ময়মনসিংহ সেনানিবাসে কর্পোরাল হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, বাংলাদেশ সেনা বাহিনীর কর্পোরাল সুরভীর স্বামী নাজিমউদ্দিন ঘটনার সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে আফ্রিকার সুদানে অবস্থান করছিলেন। স্বামী বিদেশে থাকায় সুরভী তার ২ শিশু কন্যা নাফিয়া ও আলোকে নিয়ে শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকার নিজ বাসায় থাকতেন। ২০২০ সালের ৭ অক্টোবর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সুরভীর বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। ওইসময় ২ মেয়েকে ঘুম পাড়িয়ে সুরভী ঘর থেকে বের হয়ে প্রতিবেশী সেলিম মাস্টারকে তার বাসায় বিদ্যুৎ না থাকার বিষয়টি জানান। এরপর থেকে সুরভীর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ৮ অক্টোবর সকালে সুরভীর বড় মেয়ে নাফিয়া ঘুম থেকে ওঠে তার মাকে বাসার সীমানা প্রাচীর-সংলগ্ন স্থানে পড়ে থাকতে দেখে। ওইসময় তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ সুরভীর গলা কাটা লাশ উদ্ধার করে। ওইসময় এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। ওই ঘটনায় সুরভীর বাবা শফিউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলাটি থানা পুলিশ থেকে জামালপুরের পিবিআইয়ে স্থানান্তরিত হয়।
ওই ঘটনায় জড়িত সন্দেহে পিবিআই বিভিন্ন সময়ে নিহত সুরভীর এক ভাসুরসহ (স্বামীর বড় ভাই) ৩ জনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু ঘটনার দীর্ঘ ২ বছর অতিবাহিত হওয়ার পরও ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি।

নিহত সুরভীর বাবা ও মামলার বাদী মো. শফিউল্লাহ বলেন, দুর্বৃত্তরা তার নিষ্পাপ মেয়েকে নৃশংসভাবে হত্যা করে দুটি শিশু সন্তানকে মাতৃহারা করেছে। মায়ের কথা বলে প্রায় সময় সুরভীর মেয়ে নাফিয়া ও আলো কান্নাকাটি করে। কিন্তু হত্যাকাণ্ডের ২ বছর পরও এর রহস্য উদ্ঘাটিত না হওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে হতাশা বিরাজ করছে। মেয়ে সুরভীর হত্যার রহস্য উদ্ঘাটনসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সুরভীর স্বামী নাজিমউদ্দিন বলেন, তিনি বিদেশে থাকাকালে তার স্ত্রীকে নির্মমভাবে খুন করা হয়েছে। কিন্তু কেন ও কী কারণে তাকে (সুরভী) হত্যা করা হলো তা এখন পর্যন্ত জানতে পারেননি। মামলার তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন। তারা আশ্বাসও দিয়েছেন। তাই স্ত্রী সুরভীর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের শনাক্তপূর্বক বিচারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আবেদন জানান তিনি।
এ ব্যাপারে পিবিআই, জামালপুরের পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন বলেন, মামলাটি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। সুরভীর স্বামী বিদেশে থাকাকালে তাকে কেউ উত্ত্যক্ত করতো কি না অথবা প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ ছিল কি না- সে বিষয়গুলো ধরে মামলার তদন্ত কাজ চলছে। দ্রুতই হত্যারহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

























