শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে ওইসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।
ওইসময় উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান নবেশ খকসি, জেনারেল সেক্রেটারী অসিম ম্রং, আদিবাসী নেতা ধীমান কোচ, চিত্তরঞ্জন বর্মণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে ২০ জন ছাত্রী ও ২০ জন ছাত্র। এ ছাড়া স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া ৩৫০ শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।




