শেরপুরের ঝিনাইগাতী সরকারি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরকারি মূল্যে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

২১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা সরকারি খাদ্যগুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান, খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) গোলসানা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লতিফুর রহমান মনা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মো. ছমির আলী মল্লিক, সাধারণ সম্পাদক মো. আসলাম মিয়া উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান জানান, অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান/২০২২-২৩ মৌসুমে এ উপজেলায় চুক্তিবদ্ধ ৭জন মিলারের কাছ থেকে সরকারি মূল্য প্রতিকেজি ৪২ টাকা দরে ৭৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৭ ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য প্রতিকেজি ২৮ টাকা দরে ৬৭৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।




