মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ওই হুইল চেয়ার বিতরণের আয়োজন করে।
এ উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা প্রতিবন্ধী শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মাজহারুল আনোয়ার প্রমুখ।

জেলা প্রতিবন্ধী শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক লিটনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, ডা. আইরিন ফাতেমা আখিসহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
























