‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ – এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুদিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে ওই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সনাক নালিতাবাড়ীর সভাপতি সাদরুল আহসান মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, সনক সদস্য মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রশাসন ও সনাক কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করা তথা তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে দুদিনব্যাপী এই তথ্য মেলার আয়োজন করা হয়েছে।

এতে জনগণকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম প্রাপ্তিতে সহযোগীতা, ফরম পূরণ শেখানো, দুর্নীতি বিরোধী কুইজ, ম্যাগাজিন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ২৭ টি সরকারি ও বেসরকারি দফতরের স্টল অংশগ্রহণ করেছে।




