‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুদিনব্যাপী তথ্য মেলা শেষ হয়েছে। ৩০ নভেম্বর বুধবার শহরের শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর উদ্যোগে আয়োজিত ওই মেলা শেষ হয়। মেলায় অংশগ্রহনকারী সরকারি ও বেসরকারি দফতর থেকে তথ্য পেতে মানুষের ব্যাপক আগ্রহ ছিল।

উপজেলা প্রশাসন ও সনাক কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করা তথা তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে দুদিনব্যাপী এই তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে জনগণকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম প্রাপ্তিতে সহযোগিতা, আবেদন ফরম পূরণ শেখানো, দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগীতা, ম্যাগাজিন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশগ্রহননকারী সরকারি ও বেসরকারি দফতরের ২৭ টি স্টলে সাধারণ মানুষ দুদিনে মোট ৯২৩টি তথ্য প্রাপ্তির আবেদন করেন এবং উত্তর দেওয়া হয়।

পরে সেরা তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নালিতাবাড়ী থানা, ব্র্যাক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে গত বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
সনাক সদস্য এনায়েত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নালিতাবাড়ীর সভাপতি হাকাম হীরা, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল প্রমুখ। এর আগে গত মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক।




