আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য শেরপুর জেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে কর্মরত সকল প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর শনিবার শেরপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিরাপত্তা সংক্রান্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম। ওইসময় তিনি নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সকলকে অবহিত করেন এবং কোন প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে নির্বাচনী বিধিমালা অনুযায়ী সকলকে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।
ওইসময় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, ভোটগ্রহণকারী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























