শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তরুণদের উদ্যোগে শীতকালীন অতিথি পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল নির্মাণ করা হয়েছে। শনিবার সকালে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন, রুপনারায়নকুড়া ইউপি শাখার উদ্যোগে উপজেলার নিচপাড়া মাদ্রাসা বাজার পাকা সড়কের দুই পাশে বড় গাছে মাটির হাড়ি বেঁধে শীতকালীন অতিথি পাখিদের জন্য এই নিরাপদ আবাসস্থল স্থাপন করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সিদ্রাতুল মুন্তাহা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন চন্দ্র শীল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাজবীর হাসান সিফাত,রুপনারায়নকুড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক আদনান হোসাইন সরকার,সদস্য সচিব জহুরুল ইসলাম সুজন সহ শাখা কমিটির সকল সম্মানিত সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রায় অর্ধশতাধিক গাছে অতিথি পাখিদের নিরাপদ আবাস স্থাপনে হাঁড়ি বেধে দেওয়া হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন শীল বলেন, গারো পাহাড়ের পাদদেশে আমাদের নালিতাবাড়ী অবস্থিত। শীতের সময় এখানে প্রচুর অতিথি পাখির সমাগম হয়। এই পাখিদের নিরাপদ আবাসস্থল নির্মাণেই আমরা তরুণেরা মিলে উদ্যোগ নিয়েছি।




