শেরপুরের ঝিনাইগাতীতে বিদুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৪ মে শনিবার দুপুরে উপজেলা মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত বিল্লাল হোসেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি মুদিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিজনিত কারণে বিল্লাল হোসেনের শ্বশুর মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আমির হামজার পুকুরের মাছ ভেসে যাওয়ার উপক্রম হয়। ফলে পুকুরের পানি সেচে মাছ ধরতে শ্বশুরবাড়ি যান বিল্লাল হোসেন।
পুকুরের পানি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে সেচ দেয়ার পর শনিবার দুপুর আড়াইটার দিকে মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদুতের তারটি বিচ্ছিন্ন হয়ে তার শরীরের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিল্লাল হোসেনের।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




