সেবায় জীবনমানের পরিবর্তনের লক্ষ্যে শেরপুর রোটারি ক্লাবের রোটারিয়ানদের সাথে মতবিনিময় সভা করেছেন ডিস্ট্রিক্ট গভর্নর (ডিস্ট্রিক্ট-৩২৮১) ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। ৯ অক্টোবর শনিবার দুপুরে শহরের নিপুণ কমিউনিটি সেন্টার মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওইসময় তিনি বলেন, জীবনমানের পরিবর্তনে এবং আর্তমানবতার সেবায় কাজ করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান রোটারি ক্লাব। সময়ের সাথে তাল মিলিয়ে দিনদিন দেশে দেশে এলাকায় এলাকায় বাড়ছে এ প্রতিষ্ঠানের সেবার পরিধি। তাই রোটারিয়ানদের সময়োপগী হয়ে উঠার পাশাপাশি সেবার মনোভাব নিয়েই কাজ করতে হবে। তিনি শেরপুর রোটারি ক্লাবের প্রস্তাবিত রোটারি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলকে সাথে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। সেইসাথে তার তরফ থেকে ওই চক্ষু হাসপাতালসহ যেকোন সেবামূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
শেরপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাসিস্টেন্ট গভর্নর ভবতোষ বিশ্বাস বাবলু ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী মো. সোহেল। স্থানীয় রোটারিয়ান নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণ চন্দ্র সাহা, অধ্যাপক শাহী উম্মুল বানীন, মলয় মোহন বল, শরণ রায়, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, নাসরিন বেগম ফাতেমা, প্রভাষক মলয় চাকী, ডা. সাইফুল ইসলাম ও নবাগত রোটারিয়ান ডা. নাদিম হাসান।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর ও অতিথিদের শেরপুর রোটারী ক্লাবের তরফ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এছাড়া নবীন রোটারিয়ান ডা. নাদিম হাসানকে বরণ করা হয়। ওইসময় প্রেসিডেন্ট সিলেক্ট সাদুজ্জামান সাদী, পাস্ট প্রেসিডেন্ট অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা ও বিনয় কুমার সাহা, ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মো. দুলাল মিয়া ও শামছুন্নাহার কামাল, সিনিয়র রোটারিয়ান এ্যাডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রোটারী ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটার নাজমুল আলম জানান, ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর শেরপুর ক্লাব ভিজিট উপলক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে এ ক্লাবের সেবার পরিধি বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। আমরা আশা করছি, ডিস্ট্রিক্ট গভর্নরের আন্তরিকতায় আগামী দিনে শেরপুরে সেবার হাত নিয়ে রোটারী ক্লাব আরও একধাপ এগিয়ে যাবে।




