হত্যা মামলার এক আসামি পিবিআই’র হাতে গ্রেফতার
শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধি শিক্ষার্থী মো. রুবেল মিয়া (১৭) হত্যার ঘটনায় জড়িত মো. সোহেল মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোহেল উপজেলার পাইকুড়া নয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। আইপিএল ক্রিকেটে বাজির পাওনা টাকা আদায় নিয়েই মনোমালিন্যের জের ধরে রুবেলকে হত্যার কথা পিবিআইয়ের কাছে স্বীকার করেছে সোহেল। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে বলে ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে জানিয়েছেন জামালপুর পিবিআইয়ের ইউনিট ইনচার্জ পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি সোহেল মিয়া, তার খালাতো ভাই সোহরাব মিয়া (২০) ও প্রতিবন্ধী রুবেল মিয়া একসাথেই চলাফেরা করত এবং আইপিএল ক্রিকেটে বাজি খেলত। আইপিএল বাজির পাওনা টাকা নিয়ে সম্প্রতি তাদের সঙ্গে রুবেলের ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরেই সোহেল ও সোহরাব মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করে। একপর্যায়ে ১৯ আগস্ট রাতে তারা রুবেল মিয়াকে মাছ ধরার কথা বলে পাইকুড়া কানি বিলে নিয়ে কাদার মধ্যে মুখ চেপে হত্যা করে এবং কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত আসামি সোহেলকে গ্রেফতার করে পিবিআইয়ের আভিযানিক দল। সেইসাথে রুবেলে ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামি সোহরাব পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাড়ি থেকে নিখোঁজের ১৭ দিন পর গত ৬ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের কানিবিল থেকে কান্দুলী গ্রামের মো. নূরুল হকের ছেলে প্রতিবন্ধি শিক্ষার্থী রুবেল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল স্থানীয় পাইকুড়া এ আর পি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং শারীরিক প্রতিবন্ধি ছিল। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পরদিন ৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তদন্ত শুরু করে পিবিআই এবং ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিজ বাড়ি থেকে মূল হত্যাকারীকে গ্রেফতার করে জামালপুরের পিবিআই ইউনিট।
























