করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম ও অষ্টম এ দুইদিনে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৪ মামলায় ৬২ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার ও ৩০ জুলাই শুক্রবার লকডাউনের সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কঠোর লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের ২১০টি অভিযান পরিচালিত হয়। ওইসময় লকডাউন অমান্যকারীদের এ জরিমানা করা হয়।

জানা যায়, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নির্দেশনায় সদর উপজেলাসহ ৫ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারি কমিশনার (ভূমি)সহ ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। বৃহস্পতিবার লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ টি মামলায় ৫৩ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে শুক্রবার একই সময়কালে ৭০টি অভিযানে ১৭ মামলায় ৯ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
























