বৈশাখী ঘ্রাণ
মোস্তাফিজুল হক
………………………………..
স্বর্ণচাপা ফুল ফুটেছে
সোনালি রঙ ধরে,
বৈশাখী ঘ্রাণ নিয়ে এলো
দখিনা প্রান্তরে!
কুরচি ফুলও খুব ফুটেছে
মাতাল করা ঘ্রাণে,
শূলের ব্যথা ভুলে গেছি
বৈশাখী ঘ্রাণ প্রাণে।
কৃষ্ণচূড়া আগুনঝরা
বাড়তেছে চুপ চুপে,
হিজলকুঁড়ি ঝুলছে ডালে
নজরকাড়া রূপে।
হিমচাপারা মেললো কুঁড়ি
এইতো কদিন আগে,
বৈশাখী-বৌ ও ফুল যেন
রূপের অনুরাগে!


























