জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলা উপজেলার নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সুজাকে হত্যার হুমকিদাতা ও এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শরিফুল ইসলাম শিপ্ত (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে তার কাছ থেকে ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ১১টি সিম উদ্ধার করা হয়। ২০ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতাার করা হয়। গ্রেফতারকৃত শিপ্ত স্থানীয় নবিজুল হকের ছেলে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। সেইসাথে চাঁদা দিতে অস্বীকার করলে চেয়ারম্যানসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করার হুমকি দেয় বিভিন্ন নাম্বার থেকে। পরে চেয়ারম্যান সুজা গত ২৮ নভেম্বর নিজের নিরাপত্তার স্বার্থে নকলা থানায় একটি জিডি করলে পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রবিবার বিকেলে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ওই বিষয়ে শহীদুল ইসলামের বিরুদ্ধে নকলা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।
























