জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন সৈনিকদের ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণে (১৪ জুন থেকে ৫ ডিসেম্বর) ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌবর অর্জন করায় শেরপুরের নকলা উপজেলার হুজুরীকান্দা গ্রামের হাসিনা আক্তার বিথীকে সংবর্ধনা দিয়েছে নকলা উপজেলা প্রশাসন। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে ওই সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন নকলা। ওইসময় উপজেলা প্রশাসন বিথীকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে বেশ কিছু উপঢৌকনাদি প্রদান করে। সাথে উপঢৌকন দেয়া হয় বিথী’র মা মনোয়ারা বেগমকেও।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সহকারি শিক্ষক বাবু সুরঞ্জিত কুমার বণিক, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিষ্ট তালাত মাহমুদ, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিথীর বাবা আনিসুর রহমান, মা মনোয়ারা বেগম, বড় ভাই আজিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসিনা আক্তার বিথী ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের পর বিজিবি সদস্য হিসেবে কর্ম জীবন শুরু করেছেন। বর্তমানে সে জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) কর্মরত। নকলার মেয়ে বিথী ২ হাজার ৫ শ’ ২৪ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থীকে পেছনে ফেলে ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বিথী ২০০১ সনের ২২ ফেব্রুয়ারি হুজুরীকান্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১ ভাই ২ বোনের মধ্যে সে সর্বকনিষ্ঠ। তিনি ২০১৭ সালে চরমধুয়া আদর্শ বিদ্যা নিকেতন থেকে এসএসসি এবং ২০১৯ সনে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে সে শেরপুর সরকারি মহিলা কলেজে দর্শন বিষয়ে স্নাতকোত্তর করছেন। বিথীর বাবা একজন আদর্শ কৃষক, মা গৃহিণী, বড়ভাই আজিজুর রহমান পেশায় একজন প্রকৌশলী এবং বড় বোন শাহিনা আক্তার সাথী শেরপুর সরকারি মহিলা কলেজে দর্শন বিষয়ে স্নাতকোত্তর করছেন। হাসিনা আক্তার বিথী এ প্রতিনিধিকে জানান, সে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সে একজন প্রকৃত দেশ প্রেমিকের মত দেশের সেবা করতে চায়। এজন্য সে সকলের দোয়া প্রত্যাশী।























