স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নসহ বিভিন্নস্থানে কাজী হিসেবে পরিচয়দান এবং বাল্যবিয়ে পড়ানোর শাস্তি হিসেবে ভূয়া কাজী আব্দুল বাছেদকে অভিনব শাস্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শাস্তির অংশ হিসেবে আব্দুল বাছেদ নিজেই নিজেকে ভূয়া কাজী হিসেবে এবং আর কখনও বাল্য বিয়েসহ কোন বিয়ে পড়াবেন না মর্মে জনসম্মুখে মাইকিং করে প্রচার করছেন। গত ৩ দিন ধরে চলছে এ মাইকিং। চলবে আগামী ৪ দিন। এ নিয়ে সর্বত্রই সৃষ্টি হয়েছে কৌতুহলের।

জানা যায়, ২০১৮ সালে বাল্য বিয়ে পড়াতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে আটক হয়ে এক মাসের সাজা ভোগ করেন ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ভূয়া কাজি আব্দুল বাছেদ। তবে জেল থেকে বের হয়েই আবার পুরোদমে শুরু করেন বাল্য বিয়েসহ অন্যান্য বিয়ের কাবিন। প্রায় দুই মাস আগে ভূয়া কাজী বাছেদ মিয়া ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের পাগলারমুখ গ্রামে বাল্য বিয়ে পড়াচ্ছিলেন। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান। আর এ সংবাদ পেয়ে ভূয়া কাজী আব্দুল বাছেদ পালিয়ে যায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে খুঁজে না পেয়ে সারা উপজেলায় মাইকিং করে এবং বাছেদকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্ব-শরীরে ভলিউমসহ যোগাযোগ করতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে বাল্যবিয়ের অপরাধে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু বাছেদ হাজির না হয়ে পলাতক থাকেন। গত দুই মাস পালিয়ে থেকে অবশেষে ভূয়া কাজী আব্দুল বাছেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজির হয় এবং শাস্তি থেকে ক্ষমা চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে শাস্তির বদলে ‘ভবিষ্যতে আর বিয়ে কাবিন করবে না এবং বাল্য বিয়ে পড়াবে না’ মর্মে নিজেই মাইকিং করে উপজেলায় প্রচার করার জন্য তাকে নির্দেশ দেন। আর ২য় শর্ত মোতাবেক ১০০ টাকার ১০০ টি স্ট্যাম্পে উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সকলের নিকট অঙ্গীকারনামা প্রদান করতে বলেন। ওই নির্দেশ মোতাবেক আব্দুল বাছেদ শুরু করে মাইকিং।
শর্ত মোতাবেক ভূয়া কাজী আব্দুল বাছেদ ইতোমধ্যে অঙ্গীকারনামা প্রদান করে ভবিষ্যতে বিয়ে কাবিন ও বাল্য বিয়ে পড়াবে না বলে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিজেই মাইকিং করায় এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে। এতে খুশি হয়েছেন স্থানীয় জনতাও।
উপজেলা নির্বাহী কমকর্তা রুবেল মাহমুদ জানান, শাস্তির পরিবর্তে তার নিজের দোষ নিজে জনগণের মধ্যে প্রচার করে একদিকে নিজে ভালো হবে, আর অন্যরাও এতে সতর্ক হবে। আর যেন কেউ এ কাজ করতে সাহস না পায়।
এ প্রচারণার মাধ্যমে ভূয়া কাজীদের দৌরাত্ম হ্রাস পাওয়াসহ বাল্য বিয়েও কমবে বলে এলাকাবাসী মনে করছেন।























