স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দিরে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা।
অনুষ্ঠানে ১ হাজার হতদরিদ্র ও অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, লবণ ইত্যাদি বিতরণ করা হয়।
























