স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গা পূজায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি ২২ অক্টোবর বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে ৩৫টি মন্ডপে বরাদ্দকৃত জি,আরের চাল বিক্রির নগদ অর্থ বিতরণের সময় মোবাইল ফোনে শুভেচ্ছা বক্তব্যদানকালে ওই তাগিদ দেন। ওইসময় তিনি হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেইসাথে সবাই মাস্ক ব্যবহার করুন।

এদিন মতিয়া চৌধুরীর পক্ষে প্রতিটি মন্ডপে আধা টন করে জিআর চালের সমপরিমাণ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। পূজা মন্ডপের অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য গোপাল চন্দ্র সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু প্রমুখ।
























