নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ড্রামট্রাক চাপায় তাইয়্যিব হাসান নামে আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাইয়্যিব স্থানীয় শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে গোজাকুড়া এলাকার ইমদাদুল হক কাজল মাস্টারের আঙিনায় প্রতিদিনের মতো ড্রামট্রাকটি রেখে যায় এর চালক। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এসে ওই চালক ড্রামট্রাক স্ট্রার্ট করে রাস্তায় উঠতে গেলে আগে থেকে ড্রামট্রাকের চাকার কাছে বসে খেলাধূলারত শিশু তাইয়্যিব চাপা পড়ে তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাইয়্যিবকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
























