খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ে রেজিস্ট্রি করার দায়ে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের নিকাহ রেজিস্টার জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদণ্ড প্রদান করেন।

হাতিবান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, গত ৭ অক্টোবর বুধবার রাতে পাগলারপাড় গ্রামের স্থানীয় আদর্শ বিদ্যা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থীর (১৩) বিয়ে দেয় শেরপুর শহরের কালিগঞ্জ দমদমা মহল্লার জনৈক মোরাদের সাথে। ওই বিবাহ রেজিস্ট্রি করান ওই ইউনিয়নের নিকাহ রেজিস্টার জাহাঙ্গীর আলম। বাল্যবিয়ের খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বাল্যবিয়েটি বন্ধ করতে আঃ রহিমের বাড়িতে যান। ওই সময় নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বরযাত্রী ও নিকাহ রেজিস্টার দৌড়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ কনের অভিভাবকের কাছ মুচলেকা নেন। পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিকাহ রেজিস্টার জাহাঙ্গীর আলমকে ডেকে এনে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে তার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
























