স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা উপজেলায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। ঘটনাস্থলে পৌঁছার আগেই ছেলে পক্ষ পালিয়ে গেলেও উপস্থিত মেয়ে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর আওতায় ওই বাল্য বিবাহ বন্ধ করা হয়। সেইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে কোথাও বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবাসহ অভিভাবকদের কাছে মুচলেকা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বাল্যবিবাহ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
























