স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ ভ্রমণে আনন্দ উপভোগ করতেন এমদাদুল মোকাদ্দেছ ফাহাদ আলম (৩২)। কিশোরগঞ্জের হাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য শেরপুরের শ্রীবরদী থেকে স্ত্রী-ছেলে এবং শ^শুরবাড়ির লোকজনকে নিয়ে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন নিকলীর দিকে। কিন্তু ফাহাদ আলমদের বহনকারী মাইক্রোবাসের সাথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানার ডাংরী এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফাহাদ আলম মারা যান। তাঁর কোলে বসে থাকা শিশুপুত্র তুরান ফাহাদ (৪) গুরুতর আহত হলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহাদ আলমের খালা ঝর্ণা বেগম। তার বাড়ি পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলায়। আহত হন আরও ১২ জন। আহতরা হচ্ছেন নিহতের স্ত্রী রেবু আক্তার (২৫), জেবু আক্তার (৩৫), শারমীন আক্তার (১২, শাহনাজ বেগম (২৫), হোসাইন আহমেদ (২৫), রুনা আক্তার (৪৫), হাসিনা শাহীন রোজী (৫২), বন্যা আক্তার (২০), মাখন (৫০), জারিফ (১২), ফেরদৌসী (৫০), শামীম (২৫)। হতাহতরা সকলেই নিকটাত্মীয়।
জানা যায়, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ির ছেলে ফাহাদ আলম ছিলেন শ্রীবরদীর পূর্ব জলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক। গত ফেব্রুয়ারি মাসে তিনি শিক্ষকতার চাকুরিতে যোগদান করেন। তার বাবা আলহাজ¦ বাবুল মাস্টারও (৭৫) একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বাবা-মা দু’জনই জীবিত থাকলেও বয়সের ভারে শয্যাশায়ী। দুপুরে টেলিভিশনের খবর দেখে স্থানীয় লোকজন ফাহাদের বাড়িতে হাজির হলে তার শয্যাশায়ী বাবা-মা ছেলে ও নাতির মৃত্যু সংবাদ পান। পরে তারা ফাহাদের শ^শুরবাড়িতে ফোন করে বিষয়টি নিশ্চিত হন। খবরটি শোনার পর থেকেই ফাহাদের বৃদ্ধ বাবা-মা অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছেন।

নিহত স্কুল শিক্ষক ফাহাদের মামাতো ভাই কাকিলাকুড়া বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক আতাউর রহমান বলেন, ফাহাদ খুব মিশুক এবং নম্র-ভদ্র ছিলো। ভ্রমণে সে খুব আনন্দ উপভোগ করতো। আর এ ভ্রমণের উদ্দেশ্যে পরিবার-পরিজন নিয়ে নিকলীর হাওড় দেখতে যাওয়ার পথেই ছোট শিশুপুত্রসহ সে সড়ক দুর্ঘটনায় মারা গেলো। এমন মৃত্যু খুব কষ্টের।
























