স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা পরিষদ চত্বরসহ ঝিনাইগাতী সদর ইউনিয়ন, মালিঝিকান্দা, হাতিবান্ধা ও গৌরীপুর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে ঢলের স্রোতে ওইসব ইউনিয়নের নিম্নাঞ্চলের বাড়ি-ঘর, পুকুর এবং কয়েক হাজার একর রোপা আমন আবাদ তলিয়ে গেছে।

জানা যায়, ঝিনাইগাতী উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া মহারশি নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে বাঁধের ভাঙা অংশ দিয়ে ঘন্টাখানেকের মধ্যেই উপজেলা চত্ত্বরের ১২ থেকে ১৩টি দপ্তরের অফিসের ভেতর পানি প্রবেশ করে। এরপর আস্তে আস্তে ঝিনাইগাতী প্রধান সড়কসহ বাজারের বিভিন্ন দোকানপাট এবং আবাসিক এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে পানি প্রবেশ করে। হঠাৎ করেই ঢলের পানি নেমে আসায় অপ্রস্তুত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও ভোগান্তি পড়েন ঢলের পানিতে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, উজানের পাহাড়ী ঢলের কারণে ঝিনাইগাতী উপজেলার মহারশির পানি বৃদ্ধি হয়ে সাময়িকভাবে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেলেও রাতের মধ্যে বৃষ্টি না হলে পানি নেমে যাবে। তবে বৃষ্টি হলে পানি আরও বাড়তে পারে। তবে ক্ষয়-ক্ষতির বিষয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঢলের পানিতে যেসব এলাকার রোপা আমন তলিয়েছে সেসব এলাকায় ২/৩ দিনের মধ্যে পানি নেমে গেলে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ঢলের পানি যে কোন সময় নেমে যেতে পারে। তারপরও পানি নেমে গেলে ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
























