স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মতিয়া চৌধুরীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নোমানের হাতে ওইসব সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ৫ পিস পিপি, ৫শ পিস মাস্ক, চশমা, স্যানিটাইজার, সান প্রোটেক্টর, পিনপল, ফেসওয়াশ, সাবান ইত্যাদি।

সুরক্ষা সামগ্রী তুলে দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম রেনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আঞ্জুমান আরা রুমিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, স্থানীয় সংসদ সদস্য, বেগম মতিয়া চৌধুরী নকলা নালিতাবাড়ীর জনগণের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন তিনি।
























