স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ৩১ জনের নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ১ ও শ্রীবরদী উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪৪৮ জন, যা মোট নমুনা পরীক্ষার ৭.৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৯৬ জন, যা মোট শনাক্তের ৮৯ ভাগ। আর ৯ জনের মৃত্যু হয়েছে, যা মোট শনাক্তের ২.০২ ভাগ।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত ৪৪৮ জনের মধ্যে শেরপুর সদরে ২১৯, নকলায় ৬৯, নালিতাবাড়ীতে ৭৯, ঝিনাইগাতীতে ৩৮ ও শ্রীবরদী উপজেলায় ৪৩ জন রয়েছেন। তাদের মধ্যে ১২ চিকিৎসকসহ ৬১ জন স্বাস্থ্যকর্মী আর ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৭৫৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৭৩৫ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৯ জনের।























