শ্যামলবাংলা ডেস্ক : বরেণ্য অভিনেতা শেরপুরের জামাই খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ ওরফে কে এস ফিরোজ (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি….. রাজিউন)। তিনি ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী নাসরিন জাহান ওরফে মাধবী ফিরোজ ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে তার বড় মেয়ে নাদিয়া ফিরোজ জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিউমোনিয়ায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছিল। জোহরের নামাজের পর বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানা যায়, ১৯৬৭ সালে বাংলাদেশে সেনাবাহিনীতে যোগ দেন কে এস ফিরোজ। মেজর হিসেবে পদোন্নতি পেয়ে ১৯৭৭ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। তিনি ১৯৪৬ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস বরিশালের উজিরপুরের মশাং গ্রামে। তিনি শেরপুর জেলার তৎকালীন এমএলএ খান বাহাদুর ফজলুর রহমানের কনিষ্ঠ জামাতা। অর্থাৎ কনিষ্ঠ কন্যা নাসরিন জাহান মাধবীর স্বামী এবং শেরপুরের বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার ছোট ভগ্নিপতি। এছাড়া ফিরোজ-মাধবীর জ্যেষ্ঠ কন্যা নাদিয়া ফিরোজ রাজিয়া সামাদ ডালিয়ার পুত্রবধূ। সেইসূত্রে কে এস ফিরোজ শেরপুরে যাতায়াতের সুবাদে ডায়াবেটিক হাসপাতালসহ এখানকার কোন কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেন।
কে এস প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ সিনেমায়। এছাড়া অনেক নাটকেও অভিনয় করেছেন তিনি। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কে এস ফিরোজের অভিনয়ের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চনাটকে।
























