স্টাফ রিপোর্টার ॥ ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষার পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সৈয়দ মুক্তার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশ নেন।

আলোচনা সভা শেষে সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে ওই পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। ওইসময় এনডিসি মিজানুর রহমান, সহকারী কমিশনার তামারা তাসবিহা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সৈয়দ মুক্তার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























