স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৭ জুন ৬-দফা দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা’ বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় শেরপুরের ৫ জন বিশেষ পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার একই পরিবারের বাবা-মেয়ে ও ভাই-বোন এবং ঝিনাইগাতী উপজেলার এক ছাত্র বিশেষ পুরস্কার পেয়েছেন। তারা হলেন শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ও তার বোন অষ্টম শ্রেণির মর্জিনা বেগম। শেরপুর পৌর শহরের কান্দাপাড়া মহল্লার অ্যাডভোকেট মো. গোলাম হক সরকার ও তার মেয়ে সপ্তম শ্রেণির আফিফা তাসনিম অনি এবং ঝিনাইগাতীর শালচূড়া গ্রামের রফিকুল বারী সজিব।

২৬ আগস্ট বুধবার শেরপুরে বিশেষ পুরস্কারপ্রাপ্ত ৫ জনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে রয়েছে ১০ হাজার টাকার চেক ও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি সনদ পত্র। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ।























