খোরশেদ আলম ॥ শেরপুরে বন্যার পানি নেমে যাওয়ার ১৫ দিনেও চালু হয়নি শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে ওই পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ রয়েছে ২ জেলার মধ্যে ভারী যানবাহন চলাচল। এতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।

জানা যায়, বন্যায় প্লাবিত হওয়ার পূর্বেই শেরপুর-জামালপুর সড়কের নন্দীরবাজার পোড়ারদোকান ও শিমুলতলী এলাকার কজওয়েতে দু’টি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ওইসময় শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে ব্রিজ নির্মাণস্থলের পাশ দিয়ে বিকল্প দু’টি অস্থায়ী বেইলী ব্রিজ নির্মাণ করা হয়। সম্প্রতি বন্যার পানির তোড়ে ব্রিজ দু’টি বিধ্বস্ত হয়। এতে ২ জেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ১৫ দিন পূর্বে বন্যার পানি নেমে গেলেও বিধ্বস্ত বেইলী ব্রিজ দু’টি সংস্কার করা হয়নি। ফলে ওই পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজ দু’টি বিধ্বস্ত হওয়ায় হালকা যানবাহন সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল ৫ কিলোমিটার দূর দিয়ে ঘুরে যাতায়াত করলেও ভারী যানবাহন গুলো চলাচল করতে পারছে না ওই পথে। ফলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন বলেন, ২ উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু করতে নির্মাণ সামগ্রী ঘটনাস্থলে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

























