স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। বৃক্ষরোপণ কর্মসূচিতে আমলকি, বহেরা, কাঠ বাদামসহ বিভিন্ন বনজ ও ফলজ গাছ লাগানো হয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গাছের চারা বিতরণ করা হয়।

ওই কর্মসূচিতে মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদ, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
























