স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রেজাউল করিম মুক্তা (৬৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১২ আগস্ট বুধবার সকালে রাজধানী ঢাকার গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রেজাউল করিম মুক্তা শহরের মাধবপুর মহল্লার কাজী মহসীনের ছেলে ও এবং জেলার বৃহৎ স্টেশনারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার হাউজের স্বত্বাধিকারী ছিলেন। এ নিয়ে শেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

জানা যায়, রেজাউল করিম ওরফে মুক্তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর গত ৩০ জুলাই বৃহস্পতিবার তার করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদরের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৩ জন। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৬ শতাংশ। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৬৯, নকলায় ৫৯, নালিতাবাড়ীতে ৬৫, ঝিনাইগাতীতে ২৯ ও শ্রীবরদী উপজেলায় ৩১ জন রয়েছেন।
























