স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হাজারও মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) এডভোকেট আব্দুল মজিদ বাদল (৬০)। ৩০ জুলাই বৃহস্পতিবার বাদ যোহর (সোয়া ২টা) শহরের সজবরখিলা এলাকায় নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে নামাজে জানাজায় এডভোকেট আব্দুল মজিদ বাদলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নুরুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, অধ্যাপক নুরুল আমিন, এডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম দুলাল, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, সমাজসেবক আব্দুর রশিদ, মরহুমের ছোটভাই মহিউদ্দিন মামুন ও জ্যেষ্ঠ পুত্র শিহাব প্রমুখ।

উল্লেখ্য, ২৯ জুলাই বুধবার রাত পৌণে ৮টার দিকে জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এডভোকেট আব্দুল মজিদ বাদল। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক ও চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মহিউদ্দিন মামুন ও সাবেক ছাত্রনেতা মাসুমের বড়ভাই ছিলেন।
























