স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক বিশেষ যৌথ অভিযানে বিড়িতে ব্যবহৃত প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ব্যান্ডরোল উদ্ধার হয়েছে। ২৯ জুলাই বুধবার গভীর রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও র্যাব-১৪ সিপিসি-১ (জামালপুর-শেরপুর) যৌথভাবে শেরপুর সদর ও শ্রীবরদীতে রসিদা বিড়ির ফ্যাক্টরির গুদামে ওই অভিযান পরিচালনা করে। ওই সময় ২ কারখানার অতিরিক্ত ম্যানেজার শফিউল আলম ও শাহরিয়ার রুবেলকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এনএসআই জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান উপস্থিত ছিলেন। অন্যদিকে বৃহস্পতিবার ওই পৃথক ২ ঘটনায় স্ব-স্ব থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে র্যাব।
জানা যায়, রশিদা বিড়ির প্যাকেটে ব্যবহৃত সরকারি রাজস্ব আদায়ের ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে একই সময়ে ওই বিড়ির সদর উপজেলার লছমনপুর ও শ্রীবরদী উপজেলার দু’টি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। ওইসময় সদরের ফ্যাক্টরি থেকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার ও শ্রীবরদী ফ্যাক্টরি থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ব্যবহৃত ব্যান্ডরোলসহ বিড়ির প্যাকেট জব্দ করা হয়। সেইসাথে ২ ফ্যাক্টরি থেকে ২ কর্মকর্তাকে আটক করা হয়। পরে রাতেই তাদের স্ব-স্ব থানায় সোপর্দ করা হয়।

শেরপুর এনএসআই কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, একটি ব্যান্ডরোলের সরকারি মূল্য ৮ টাকা। বিড়ির মালিক বাজার থেকে ৫০ পয়সা দিয়ে পুরাতন ব্যান্ডরোল কিনে ওইসব ব্যান্ডরোল বিড়িতে লাগিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা জানান, রশিদা বিড়ি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পান-সিগারেটের দোকান থেকে পুরাতন বিড়ির ব্যান্ডরোল কিনে নতুন বিড়ির প্যাকেটে লাগিয়ে সরকারের মোটা অঙ্কের টাকা ফাঁকি দিয়ে আসছিল। ওই ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রশিদা বিড়ি ফ্যাক্টরির লছমনপুর গুদাম থেকে ব্যবহৃত ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় র্যাবের এসআই নয়ন পাটোয়ারী বাদী হয়ে অতিরিক্ত ম্যানেজার শফিউল আলমকে স্বনামেসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। একইভাবে শ্রীবরদীর ঘটনাতেও নিয়মিত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী মিয়া।
























