নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী শহর থেকে নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ৫ বছর বয়সী শিশু ছোয়াদের। তবে ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। শিশু ছোয়াদ নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান মহল্লার লিটন মিয়ার ছেলে।
জানা যায়, শিশু ছোয়াদের পরিবার নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান মহল্লায় ভাড়া থাকে। গত ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু ছোয়াদ চেয়ারম্যান সড়ক চৌরাস্তা মোড় থেকে নিখোঁজ হয়। নিখোঁজের সময় ছোয়াদের পড়নে হলুদ রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট ছিল। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় অবহিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হয় প্রচারণা। এক পর্যায়ে নিখোঁজ ছোয়াদের পিতা লিটন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর প্রাথমিক তদন্তে পুলিশ গত ২৬ জুলাই রবিবার ভোরে বিক্রমপুর থেকে লিটনের বিয়াই ফিরোজ (৩৫) ও সমন্ধী বউ হালিমা বেগম (৩০) কে গ্রেফতার জেলহাজতে পাঠায়।

এদিকে, নিখোঁজ শিশুর পিতা লিটন ও মা ফাতেমা গ্রেফতারকৃত ফিরোজ ও হালিমাকে ওই ঘটনায় নির্দোষ দাবি করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ছোয়াদকে কোন এক নারী খাওয়ার লোভ দেখিয়ে রিকশায় উঠিয়ে নিয়ে গেছে। ওই ঘটনার তদন্তে পুলিশ ভুল পথে হাঁটছে দাবি করে শিশু ছোয়াদকে উদ্ধারে বেশি গুরুত্ব দেয়ার কথা জানান। তারা শিশুটি বিষয়ে কোন তথ্য থাকলে (০১৯০২-২১৫৮৩৫) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন চন্দ্র সরকার জানান, প্রাথমিক তদন্তে কিছু ক্লু পাওয়া গেছে বিধায় ওই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। পাশাপাশি শিশু ছোয়াদকে উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।
























