স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানি দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পরও খোঁজ মেলেনি নাঈমুর রহমান নাঈম (২৪) নামে এক বেসরকারি স্কুলের শিক্ষকের। ২৬ জুলাই সোমবার দুপুরে সদর উপজেলার বেতমারি খুনুয়া বাজার এলাকার বদুনী বিলে নিখোঁজ হয় ওই শিক্ষক। নাঈম ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার শহীদুল ইসলামের ছেলে। সে এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে। সোমবার দুপুর ২টা নাগাদ এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ঘন্টা যাবত ওই শিক্ষককে খোঁজে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর একটার দিকে নাঈম ও তার বন্ধু-বান্ধব মিলে বদুনী বিলে বন্যার পানি দেখতে যায়। ওইসময় বন্ধুরা সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাটু পানিতে দাড়িয়ে ছিল। হঠাৎ পানির স্রোতে নাঈমের পায়ের নিচের মাটি ভেঙ্গে গেলে নাঈম পানিতে ভেসে যায়। পানির স্রোত তীব্র থাকায় মুহূর্তেই নাঈম পানিতে হারিয়ে যায়। বন্ধু-বান্ধব ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে। সোমবার ভোর থেকেই বৈরী আবহাওয়া থাকায় বিলম্বে ডুবুরি দল খোঁজা শুরু করলেও নাঈমের সন্ধান মেলেনি এখনও।
























