জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে লুটতরাজ করে আর আওয়ামীলী করে দেশের উন্নয়ন। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি ২৬ জুলাই রবিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার গরিব-দুঃস্থদের মাঝে শাড়ী ও শার্ট বিতরণকালে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি লকডাউনের সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের যেন কোন কষ্ট না হয় সেজন্য তিনি সবকিছুই করেছেন এবং এখনও করছেন। আপনারা করোনাকে ভয় না পেয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে করোনাকে জয় করুন।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মতিয়া চৌধুরী উপজেলার গৌড়দ্বার উচ্চ বিদ্যালয় মাঠে গৌড়দ্বার ইউনিয়ন, বিবিরচর আলিম মাদরাসা মাঠে টালকি ইউনিয়ন, পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাকাটা ইউনিয়ন, নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরঅষ্টধর ইউনিয়ন, চন্দ্রকোনা রাজলক্ষ্মী হাইস্কুল মাঠে চন্দ্রকোনা ইউনিয়ন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বানেশ্বর্দী ইউনিয়ন, খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন, ছত্রকোনা দাখিল মাদরাসা মাঠে নকলা ইউনিয়ন এবং বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের গরিব-দুঃস্থদের মাঝে শাড়ি ও শার্ট বিতরণ করেন।




