স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানি দেখতে গিয়ে নাঈমুর রহমান নাঈম (২৪) নামে এক বেসরকারি স্কুলের শিক্ষক নিখোঁজ হয়েছেন। ২৬ জুলাই রবিবার দুপুরে সদর উপজেলার বেতমারি খুনুয়া বাজার এলাকার বদুনী বিলে ওই ঘটনা ঘটে। নাঈম ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার শহীদুল ইসলামের ছেলে। সে এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ঘন্টা যাবত ওই শিক্ষককে খোঁজে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর একটার দিকে নাঈম ও তার বন্ধু-বান্ধব মিলে বদুনী বিলে বন্যার পানি দেখতে যায়। ওইসময় বন্ধুরা সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাটু পানিতে দাড়িয়ে ছিল। হঠাৎ পানির স্রোতে নাঈমের পায়ের নিচের মাটি ভেঙ্গে গেলে নাঈম পানিতে ভেসে যায়। পানির স্রোত তীব্র থাকায় মুহূর্তেই নাঈম পানিতে হারিয়ে যায়। বন্ধু-বান্ধব ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
শেরপুর ফায়ার সার্ভিসের ডিএডি জাবেদ তারেক জানান, নাঈমকে খুঁজতে ইতোমধ্যে নেত্রকোণা থেকে ডুবুরি দল ডাকা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূইয়া জানান, নাঈমকে উদ্ধারের সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।
























